ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলা ও পরবর্তী ঘটনায় যুবশক্তির দুই কর্মী অয়ন রহমান খান ও আশিককে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি দাবি করেন, ঘটনাটি আওয়ামী লীগের আমলের গুম-আটকের ঘটনার মতোই হয়েছে।
সোমবার (২৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন। একই সঙ্গে তিনি জানান, ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও
জেলা নেতাকর্মীদের ওপর ২২ মে ছাত্রদলের হামলা এবং ২৩ মে দায়ের হওয়া ‘মিথ্যা মামলা’ নিয়ে বিকেল ৫টা ১৫ মিনিটে ঝিনাইদহের পায়রা চত্বরে সংবাদ সম্মেলন করবেন দলের কেন্দ্রীয় নেতারা।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ঘটনার পর ডিবি পুলিশ অয়ন ও আশিককে তুলে নিয়ে যায়। প্রথমে বিষয়টি অস্বীকার করা হলেও পরে আদালতের কার্যক্রম শেষে অয়নকে আদালতে হাজির করা হয়। তবে তাকে কোনো আইনজীবী নিতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
এছাড়া সোমবার আশিকের আইনজীবীদের আদালত প্রাঙ্গণে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলেও দাবি করেন হাসনাত। পুরো ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।