জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি তিন দিনব্যাপী নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন এবং ঐতিহাসিক ধরার খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরসঙ্গীদের নিয়ে সড়কপথে ত্রিশালের উদ্দেশে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় কবির স্মৃতিবিজড়িত ত্রিশালে এবার জাতীয় পর্যায়ে উদযাপিত হচ্ছে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। যদিও কবির জন্মদিন সোমবার (২৫ মে), আসন্ন ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে এবারের অনুষ্ঠানসূচিতে পরিবর্তন এনে শনিবার থেকেই শুরু হচ্ছে তিন দিনব্যাপী আয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি নজরুল একাডেমি মাঠে আয়োজিত উৎসবের উদ্বোধন করবেন। এ সময় ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ারও কথা রয়েছে তার।
এছাড়া নজরুলজয়ন্তীর উদ্বোধনের আগে ত্রিশালের বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ঐতিহাসিক ধরার খালের পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ১৯৭৯ সালে এই খালের খনন কাজের উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান।
সরকারি কর্মসূচি শেষে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির বিশেষ সাংগঠনিক সভায় অংশ নেবেন তারেক রহমান। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।