মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনার শাখা ফুলদী নদীর ওপর প্রস্তাবিত ফুলদী-রসূলপুর সেতু নির্মাণস্থল পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
শুক্রবার (২২ মে) দুপুরে গজারিয়া থানাধীন রসূলপুর ইউনিয়নের ফুলদী-রসূলপুর ঘাট এলাকায় তিনি এ পরিদর্শন করেন। এসময় প্রতিমন্ত্রী সেতু নির্মাণের সম্ভাব্য স্থান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম এবং জেলা প্রশাসক সৈয়দ নুরমহল আশরাফী।
এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সিগঞ্জ সার্কেল) মোঃ ইমরান আহম্মেদ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সেতু নির্মাণস্থল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী গজারিয়া উপজেলার চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন।
স্থানীয়দের প্রত্যাশা, ফুলদী-রসূলপুর সেতু নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।