কুমিল্লার লালমাই উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও পথসভায় বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, দেশের বিচার বিভাগকে কার্যত আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বুধবার (২০ মে) ‘নতুন বাংলাদেশ গঠন, গণঅধিকার প্রতিষ্ঠা এবং তরুণ নেতৃত্বকে সংগঠিত করার’ লক্ষ্য নিয়ে উপজেলার বাগমারা এলাকায় এ কর্মসূচির আয়োজন করে এনসিপি।
দুপুরে বাগমারা হাই স্কুলসংলগ্ন বালুর মাঠ থেকে শুরু হওয়া পদযাত্রা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অতিক্রম করে বাগমারা দক্ষিণ বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ মানুষ যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে রাজপথে নেমেছিল, সেই আকাঙ্ক্ষা এখনো জনগণের মধ্যে বিদ্যমান। তবে জনগণের আত্মত্যাগের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করেছে এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবের আওতায় নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিয়োগ প্রক্রিয়া নিয়েও সমালোচনা করেন এনসিপি নেতা। তার দাবি, বর্তমানে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেধা ও যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এতে শিক্ষাব্যবস্থা হুমকির মুখে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
তরুণদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, বড় গণআন্দোলনের সূচনা সবসময় ছোট পরিসর থেকেই হয়। সীমিত পরিসরে যাত্রা শুরু করলেও এনসিপি এখন জনগণের সমর্থনে জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করেছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
সমাবেশে নেতারা ‘ন্যায়বিচার, সংহতি, সমতা ও সমৃদ্ধ বাংলাদেশ’ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন এবং সাধারণ মানুষের কাছে এনসিপির বার্তা পৌঁছে দিতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা রিফাত রশিদ, কুমিল্লা জেলার তত্ত্বাবধায়ক নাবিদ নওরোজ শাহ, লালমাই উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী কবির হোসাইন রুমন, জাহিদুল ইসলাম ফারাবীসহ স্থানীয় ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।