মুন্সিগঞ্জ প্রতিনিধি
জনপ্রিয় অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার-এর মরদেহ দাফন করা হবে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে। মায়ের ইচ্ছানুযায়ী সোমবার ভোরে নানাবাড়িতে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
রোববার (১৭ মে) ভারতের চেন্নাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিনা খরচে তার মরদেহ ঢাকায় আনা হয়। বাদ মাগরিব রাজধানীর বনানী ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কারিনার বাবা কায়সার হামিদ জানান, সোমবার সকালে মরদেহ মুন্সিগঞ্জের গজারিয়ায় তার নানার বাড়িতে নেওয়া হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাই নেওয়া হয়। পরে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন কারিনা কায়সার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়েছিল।
কারিনা কায়সারের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীসহ বিভিন্ন অঙ্গনের মানুষ।