দীর্ঘদিন চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস।
শনিবার (১৬ মে) মালয়েশিয়ার কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আফরোজা আব্বাস। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, বর্তমানে আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল রয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
স্থানীয় সময় বিকেল ৬টার দিকে হাসপাতালটিতে প্রবাসী সাংবাদিকরা মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসকরা জানিয়েছেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিবিড় তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি এবং তার শারীরিক অগ্রগতিতে চিকিৎসক দল সন্তোষ প্রকাশ করেছে।
আফরোজা আব্বাস জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার মধ্যেই রয়েছেন মির্জা আব্বাস। প্রতিদিন কিছু সময় হুইলচেয়ারে করে হাসপাতালের নিচে চলাফেরাও করছেন তিনি।
এদিকে প্রিয় নেতাকে দেখতে ও তার সুস্থতা কামনায় প্রতিদিনই হাসপাতালে ভিড় করছেন মালয়েশিয়া প্রবাসী নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।