দীর্ঘ প্রায় পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে আজ বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে চিকিৎসকদের অনুমতি পাওয়ায় দেশে ফিরছেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শেই তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মির্জা আব্বাসকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
তার স্ত্রী আফরোজা আব্বাস জানিয়েছেন, দেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ। তবে দেশে ফেরার পরও তাকে নিয়মিত চিকিৎসা ও থেরাপির মধ্যে থাকতে হবে।
তিনি আরও জানান, গত কয়েক সপ্তাহ ধরেই দেশে ফেরার জন্য আগ্রহী ছিলেন মির্জা আব্বাস। সব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা তাকে দেশে ফেরার অনুমতি দিয়েছেন।
এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
অবস্থার আরও অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে গত ১৪ এপ্রিল চিকিৎসকদের পরামর্শে তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়।
এরপর থেকে মালয়েশিয়ায় চিকিৎসাধীন ছিলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। দীর্ঘ চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের অনুমতি নিয়ে আজ দেশে ফিরছেন তিনি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।