আমজাদ শিবলু , সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কেশারপাড় সময়ের বাতিঘর’-এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেশারপাড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে চারজন চিকিৎসক এলাকার অসহায় ও দরিদ্র তিন শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ব্লাড গ্রুপিং সেবা প্রদান করেন। বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা।
আয়োজকরা জানান, প্রায় ৭০ জন স্বেচ্ছাসেবীর নিরলস পরিশ্রমে দিনব্যাপী এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
সংগঠনের অন্যতম পরিচালক মো. হেলাল স্থানীয় সাংবাদিকদের জানান, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘কেশারপাড় সময়ের বাতিঘর’ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। স্থানীয় বিত্তবান ব্যক্তি ও প্রবাসী ডোনারদের সহায়তায় সংগঠনটি বৃক্ষরোপণ, রমজান ও কোরবানির ঈদে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, বন্যার্তদের ত্রাণ সহায়তা, গৃহহীনদের জন্য বাসস্থান নির্মাণ এবং অসহায় মানুষের চিকিৎসাসেবাসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও নতুন নতুন পরিকল্পনার মাধ্যমে মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে