প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক যুদ্ধ শেষ হলেও এখন নতুন এক যুদ্ধ শুরু হয়েছে, আর সেটি হলো জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের যুদ্ধ।
শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দেশের মানুষকে সুশাসন, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে শিক্ষার্থীরা উন্নত শিক্ষার পরিবেশ পাবে এবং নারী-পুরুষ নির্বিশেষে সবাই নিরাপদে চলাচল করতে পারবে।
তারেক রহমান আরও বলেন, বিগত সরকারের আমলে বিএনপি নেতাকর্মীরা গুম, খুন ও নির্যাতনের শিকার হলেও দলটি সবসময় গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার পক্ষে ছিল। তিনি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
গত ১২ তারিখের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ বিএনপির ইশতেহারের প্রতি আস্থা রেখেছে এবং ৫২ শতাংশ ভোটার সরাসরি দলের পক্ষে রায় দিয়েছেন। তাই বিএনপির নির্বাচনী ইশতেহার এখন পুরো দেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।