কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিকস ও প্রযুক্তিগত পরিবর্তনের প্রভাবে দেশে প্রায় ৫৬ লাখ কর্মসংস্থান হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ অনুষ্ঠিত ‘সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত: বাজেট ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
সংলাপে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে দেশে প্রায় ৫০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হলেও সেই কাজের জন্য দেশের তরুণ সমাজ প্রস্তুত নয়। ভবিষ্যতের শ্রমবাজারে টিকে থাকতে দক্ষতা ও মানসম্পন্ন শিক্ষার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, এখন শুধু শিক্ষায় প্রবেশাধিকার নিশ্চিত করলেই চলবে না, শিক্ষার মান ও ফলাফল নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভর্তি হলেও তারা প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বের হচ্ছে কি না, সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, শিক্ষা আন্দোলনকে রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে রূপ দিতে নতুন সংসদ সদস্যদের নিয়ে একটি জোট গঠনের চিন্তা করা হচ্ছে। শুধু অবকাঠামো উন্নয়ন নয়, শিক্ষকদের মানোন্নয়ন ও শিক্ষাব্যয়ের বাস্তবতা বিবেচনায় নিয়ে কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সংলাপে আরও উপস্থিত ছিলেন রাশেদা কে চৌধুরী, রুমিন ফারহানা ও শফিকুল ইসলাম মাসুদ।