মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মেঘজিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রীর স্বীকৃতি ও প্রতিকার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মাহমুদা শিকদার লিজা নামের এক নারী।
শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ পাইকপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে খোলা স্থানে এই সংবাদ সম্মেলন করেন মাহমুদা শিকদার লিজা।
সংবাদ সম্মেলনে লিজা অভিযোগ করেন, স্কুলজীবন থেকেই মেঘজিন তাকে পছন্দ করতেন। পরবর্তীতে মেঘজিন অন্যত্র বিয়ে করে সংসার শুরু করেন। দীর্ঘ কয়েক বছর পর তার ভাগ্নি শালিমার মাধ্যমে আবার তাদের মধ্যে যোগাযোগ শুরু হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
লিজার দাবি, একপর্যায়ে মেঘজিন তাকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিলে তিনি বিয়ের শর্ত দেন। পরে মেঘজিন একজন হুজুর নিয়ে তার বাড়িতে এসে শরিয়াহ অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন করেন বলে তিনি জানান।
বিয়ের পর বিভিন্ন অজুহাতে মেঘজিন তার কাছ থেকে প্রায় সাড়ে সাত ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা নেন বলে অভিযোগ করেন লিজা। এরপর ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দিয়ে একপর্যায়ে বিয়ে ও সম্পর্কের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় ন্যায়বিচার ও স্ত্রীর স্বীকৃতি দাবি করে ইতোমধ্যে আদালতে মামলা দায়ের করেছেন বলে জানান মাহমুদা শিকদার লিজা।
এ বিষয়ে অভিযুক্ত মেঘজিনের বক্তব্য জানার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।