মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় এক জামায়াত নেতার অংশ গ্রহণকে কেন্দ্র করে সভায় কক্ষে আক্রমণ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।উপজেলা পর্যায়ের সর্বোচ্চ কর্তাব্যক্তিদের উপস্থিতিতে এমন ঘটনাকে ন্যাক্কারজনক বলছেন অনেকে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনী।
স্থানীয় সুত্রে জানা গেছে, কাজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জামায়াত নেতা মুহা. আলম হুসাইন ইউএনও সভা কক্ষে অনুষ্ঠিত আইন শৃংখলা কমিটির মাসিক সভায় উপস্থিত হন।
সভার মাঝামাঝি সময়ে দুপুরে সোয়া একটার দিকে বিএনপির এক পক্ষের নেতার্মীরা আলম হুসাইনের বিরুদ্ধে মিছিল নিয়ে সভাকক্ষে প্রবেশ করেন। আলম হুসাইনের বিরুদ্ধে ফ্যাসিবাদী সম্পৃক্ততার অভিযোগ তুলে তাকে সভা থেকে বের করার চেষ্টা চালায়।
কেউ কেউ চেয়ার তুলে মারতে উদ্যত হয়। তীব্র উত্তেজনাকর পরিস্থিতি চলতে থাকা সভায় বিজিবি, র্যাব ও পুলিশ প্রতিনিধিরা উপস্থিত থাকলেও কার্যত কোন ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হন তারা। এসময় সেনাবাহিনীর একটি দল গিয় হামলাকালীদের ছত্রভঙ্গ করে।বিষয়টিকে ন্যাক্কারজনক আখ্যা দিয়েছেন সভায় উপস্থিত মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা নাজমুল হুদা।
ভবিষ্যতে এ ঘটনার পুনারাবৃত্তি না হয় সেদিকে নজর রাখতে সবার কাছ থেকে সহযোগিতা চাইলেন আইন শৃংখলা কমিটির সভাপতি ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
উপজেলা আইন শৃংখলা কমিটি মূলত একটি উপজেলার মানুষের নিরাপত্তার অভিভাবক। সেই কমিটি নিজেই কতটুকু সংরক্ষিত তা নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা।