ইরানে সংঘাত শুরু হওয়ার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ১৩১টি ফ্লাইট বাতিল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
শনিবার থেকে চার দিনের মধ্যে এসব ফ্লাইট বিভিন্ন মধ্যপ্রাচ্যের গন্তব্যে যাওয়ার কথা ছিল। হঠাৎ বাতিলের কারণে বিপাকে পড়েন হাজারো যাত্রী।
সোমবার (২ মার্চ) প্রকাশিত এক বার্তায় জানানো হয়, মধ্যপ্রাচ্যের উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর প্রভাবেই মঙ্গলবার পর্যন্ত মোট ১৩১টি ফ্লাইট বাতিল করা হয়।
তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়। এছাড়া ৩ মার্চের নির্ধারিত আরও ২২টি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ মার্চের বাতিল তালিকায় রয়েছে কাতার এয়ারলাইন্সের চারটি, এমিরেটস এয়ারলাইন্সের চারটি, গালফ এয়ারের চারটি, ফ্লাই দুবাইয়ের চারটি, কুয়েত এয়ারের দুটি এবং জাজিরা এয়ারলাইন্সের চারটি ফ্লাইট। সব মিলিয়ে চার দিনে ১৩১টি ফ্লাইট শিডিউল থেকে বাদ পড়ে।
তবে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই রুট ছাড়া অন্য গন্তব্যগুলোতে ইতোমধ্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।