লামিন ইয়ামালের বিশ্বকাপ জয়ের গল্পে যেন এক অনন্য কাকতালীয়তার ছোঁয়া। বয়স ১৯ বছর, স্পেনের হয়ে তার জার্সি নম্বর ১৯, আর বিশ্বকাপ জয়ের দিনও ১৯ জুলাই।
বিশ্বকাপ ফাইনালের মাত্র ছয় দিন আগে, ১৩ জুলাই নিজের ১৯তম জন্মদিন উদযাপন করেন ইয়ামাল। সেদিন তার একমাত্র প্রত্যাশা ছিল, সতীর্থদের নিয়ে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপে টিকে থাকা। শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হওয়ার পাশাপাশি হাতে উঠেছে বিশ্বকাপের সোনালি ট্রফিও।
নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় স্পেন। শুরু থেকেই একাদশে থাকা ইয়ামাল পুরো ম্যাচজুড়ে আর্জেন্টিনার রক্ষণভাগে চাপ সৃষ্টি করেন।
ম্যাচের পঞ্চম মিনিটে তার জোরালো শট ঠেকিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। নির্ধারিত সময়ের শেষদিকে নেওয়া তার দারুণ এক ফ্রি-কিকও অসাধারণ দক্ষতায় রুখে দেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। গোল বা অ্যাসিস্ট না পেলেও স্পেনের আক্রমণের অন্যতম প্রাণভোমরা ছিলেন বার্সেলোনার এই তরুণ উইঙ্গার।
বার্সেলোনার হয়ে ১০ নম্বর জার্সি পরলেও জাতীয় দলে ১৯ নম্বর জার্সিই ধরে রেখেছেন ইয়ামাল। এই জার্সি গায়েই ইউরো জয়ের পর এবার বিশ্বকাপও জিতলেন তিনি।
এবারের বিশ্বকাপে গোল করে ১৯৫৮ সালের পর সবচেয়ে কম বয়সী গোলদাতার কীর্তিও গড়েছেন ইয়ামাল। আর ১৯ বছর বয়সেই বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ফুটবল ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বলভাবে লিখে রাখলেন স্পেনের এই বিস্ময়কর প্রতিভা।