মাসুম হোসেন , (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি আব্দুল মোমিনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজারের পাশের একটি গ্রাম থেকে সদর থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিএসবি) যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান দৈনিক সকালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছুক্ষণের মধ্যেই আইনীপ্রক্রিয়া শেষ করে তাকে আদালতে পাঠিয়ে দেওয়া হবে৷
গ্রেপ্তারকৃত আব্দুল মোমিন সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়ার আব্দুস সবুরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানা থেকে পালিয়ে যান আব্দুল মোমিন। আদালতে হাজিরার জন্য কারাগার থেকে কয়েকজন আসামির সঙ্গে তাঁকে হাজতখানায় রাখা হয়েছিল।
হাজতখানার ভেতরে থাকা আরেক আসামির হাতকড়া খোলার সময় আব্দুল মোমিন দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বের হয়ে যান। পরে আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় গিয়ে গ্রিল না থাকার সুযোগে নিচে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।
ঘটনার পর তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। দুই দিন পর আজ শনিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।