জাতিসংঘের অধীনে শহিদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রাকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে পুলিশ ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করছে। তিনি প্রশ্ন তুলে বলেন, “চাইলেই অ্যাটাকের ভান করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা যেত। যেমনটি কয়েক মাস আগে এক পুলিশ কর্মকর্তার মানবিক কৌশলের জন্য প্রশংসা হয়েছিল। তাহলে হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী?”
আজহারী বলেন, বিচার চাইতে আসা শিক্ষার্থীদের ওপর এমন নির্মম আচরণ অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক। তিনি আশা প্রকাশ করেন, যেকোনো পোশাকধারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও সংযত, পেশাদার ও মানবিক আচরণ করবেন।
উল্লেখ্য, গতকাল যমুনা অভিমুখে পদযাত্রাকালে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে ইনকিলাব মঞ্চের নেতা জাবের ও রাকসুর জিএসসহ অন্তত ৩১ জন আহত হন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ঘটনার পর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।