সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন আলোচিত প্রশাসনিক কর্মকর্তা মো. সারওয়ার আলম। দায়িত্ব থেকে প্রত্যাহারের পর বিদায়বেলায় সিলেটবাসীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে সারওয়ার আলম লিখেছেন, “বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।”
এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সিলেট জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করা হয়। পরবর্তীতে তাকে উপসচিব পদমর্যাদায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডের পাশাপাশি সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নিয়ে ব্যাপক আলোচনায় আসেন সারওয়ার আলম। তিনি মাজারের তিনটি ডেগ সিলগালা, নতুন দানবাক্স স্থাপন এবং দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।
তার বিদায়বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই মন্তব্যে তার কর্মময় জীবনের সাফল্য কামনা করেন এবং সিলেটে দায়িত্ব পালনকালে নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
