বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে আজ বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু মসজিদই নয়—দেশের মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতি মেনে প্রার্থনার আয়োজন করতে সংশ্লিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের প্রতি অনুরোধ করা হয়েছে।
এদিকে বিএনপি থেকেও একই দিনে জাতীয় পর্যায়ে দোয়ার আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার ৫ ডিসেম্বর দেশের প্রতিটি মসজিদে জুমার নামাজ শেষে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে দোয়ার আয়োজন করা হবে।
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও এ আহ্বান জানানো হয়েছে। সেখানে বলা হয়, ঢাকাসহ সারাদেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিদের এই দোয়া মাহফিলে অংশ নিতে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বী মানুষদেরও তাদের নিজ নিজ উপাসনালয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করতে আহ্বান জানায় দলটি।
গত ১৩ দিন ধরে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে। শারীরিক জটিলতা বাড়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে আজই লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। তবে কাতার থেকে আসার কথা থাকা এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সময় কিছুটা পিছিয়ে গেছে।
দেশজুড়ে চলমান এই দোয়া ও প্রার্থনার উদ্যোগকে রাজনৈতিক মহল মানবিক মূল্যবোধ থেকে নেয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। জনমনে একটাই প্রত্যাশা—বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশবাসীর কাছে ফিরে আসবেন।