নাটোরের গুরুদাসপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।
সভায় গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও উন্নয়নের পাশাপাশি মানসম্মত ও মানবিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, শিক্ষকেরা শিক্ষার্থীদের মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।