কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে বিএনপির মতো আন্তরিকভাবে কেউ কাজ করেনি। তিনি দাবি করেন, “রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক—এটা সবার জানা। কিন্তু তাদেরকে শান্তিপূর্ণভাবে নিজ দেশে ফেরত পাঠানোর সক্ষমতা একমাত্র তারেক রহমানেরই আছে। বিএনপি ক্ষমতায় গেলে মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করা হবে।”
শনিবার বিকেলে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত ‘নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, “বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর ব্যবস্থা করেছে।
কিন্তু অন্যরা রোহিঙ্গাদের ব্যবহার করেছে নিজেদের স্বার্থে—কেউ নোবেল পাওয়ার লোভে, কেউ আবার ডলারের আশায়।”
সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধ, মানবপাচার এবং অস্ত্র–মাদক চক্রের বিস্তার বাড়ছে। “এ সংকটের বাস্তব সমাধান রাজনৈতিক দূরদর্শিতা ছাড়া সম্ভব নয়। আর সেই দূরদর্শিতা বিএনপি নেতৃত্বের মধ্যেই রয়েছে,” বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের টিম প্রধান এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি সেলিনা সুলতানা নীশিতা। তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানান।
তার বক্তব্যে তিনি বলেন, “৩১ দফা বাস্তবায়নই হবে জাতীয় পুনর্গঠনের রোডম্যাপ। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র মেরামত থেকে শুরু করে প্রশাসনিক সংস্কার—সবই যুগোপযোগীভাবে বাস্তবায়ন করা হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী। ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা ইউনিটের অসংখ্য নেতাকর্মীর উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।