আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক উপস্থিত হয়ে ১১২ কর্মীকে বিদায়ী শুভেচ্ছা জানান তিনি। এ সময় তাদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী
এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত (প্রায় ৫২ হাজার টাকা) মূল বেতনে কাজ করবেন। চুক্তির মেয়াদ তিন বছর, যা নবায়নযোগ্য।
নিয়োগকর্তা তাদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে। বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন।
কর্মসূচিতে ‘শূন্য মানে শূন্য’ নীতি অনুসরণ করা হচ্ছে। পাসপোর্ট, মেডিক্যাল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, কল্যাণ বোর্ডের ফি, প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের জনপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা এবং ভিসা ও বিমান টিকিটের খরচ বহন করছে নিয়োগকর্তা।
ফলে জনপ্রতি আনুমানিক দুই লাখ টাকা সাশ্রয় হচ্ছে বলে জানান রাশেদুল হক। ১১২ কর্মীর মোট সাশ্রয়ের পরিমাণ প্রায় দুই কোটি ১০ লাখ টাকা।
তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া ছিল দালালমুক্ত ও স্বচ্ছ। অনলাইনে আবেদন করা ৪ হাজার ৩৯ জনের মধ্য থেকে গণমাধ্যমের সামনে প্রকাশ্য ই-লটারিতে ৩০০ জন বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারে চূড়ান্ত হন ১১২ জন।
বোয়েসেল জানিয়েছে, মালয়েশিয়ার চার প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা এসেছে। প্রতিষ্ঠানগুলো হলো ডিএইচএল, টপ গ্লোভ, তাতাওয়া ইন্ডাস্ট্রি ও ইউনাইটেড প্ল্যান্টেশন।
সরকারি এ কর্মসূচিতে কাউকে টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছে বোয়েসেল। সংস্থাটির নামে কেউ অর্থ চাইলে তা প্রতারণা বলে সতর্ক করা হয়েছে। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি শুধু বোয়েসেলের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।