জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিলে তার সব দায়দায়িত্ব সরকারের ওপর বর্তাবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “সনদে স্বাক্ষরকারী কোনো রাজনৈতিক দলের পক্ষে জুলাই সনদের বাইরের কোনো সিদ্ধান্ত মান্য করার বাধ্যবাধকতা নেই।”
বিএনপি নেতা জানান, দেশের সংবিধান ও আইন অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ। তিনি স্মরণ করিয়ে দেন যে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রায় এক বছরব্যাপী আলোচনার পর ঐকমত্যের ভিত্তিতে গত ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদে স্বাক্ষরিত হয়।
লিখিত বক্তব্যে খন্দকার মোশাররফ বলেন, “সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সনদের বাইরে গিয়ে কিছু বক্তব্য দিচ্ছেন, যা বিভ্রান্তিকর এবং ঐকমত্যভিত্তিক সিদ্ধান্তকে উপেক্ষা করার শামিল।”
তিনি সতর্ক করে বলেন, সরকার যদি জুলাই সনদের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে এর রাজনৈতিক ও প্রশাসনিক সব পরিণতি সরকারেরই বহন করতে হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।