৩৬ জুলাই-পরবর্তী বাংলাদেশে যদি আবারও প্রহসনের নির্বাচন বা নব্য ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি ঘটে, তবে ছাত্র-জনতা রাজপথে নামবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি লিখেন, “ছাত্রশিবির সবসময় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে। শিক্ষার্থীরাও একাডেমিক কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে এবং দেশ ও উম্মাহর কল্যাণে নিজেদের দক্ষ করে তুলছে।
তবে মনে রাখবেন, যদি কেউ ৩৬ জুলাই-পরবর্তী বাংলাদেশে প্রহসনের নির্বাচন আয়োজনের চিন্তা করে, তাহলে ছাত্র-জনতা ক্যাম্পাস থেকে রাজপথে নেমে আসবে, আগ্নেয়গিরির লাভার মতো উদগীরিত হবে।”
জাহিদুল ইসলাম আরও বলেন, “আমাদের প্রত্যাশা খুবই স্পষ্ট—জুলাইয়ের শহীদ ও গাজীদের রক্তে গড়া একটি নতুন বাংলাদেশ। যেখানে কারও ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ থাকবে না।”
তার এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে, শিবির এখনো জুলাই বিপ্লবের চেতনায় অনুপ্রাণিত থেকে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সতর্ক বার্তা দিচ্ছে।