বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সারা দেশের মানুষ এখন দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত। নতুন বাংলাদেশের যে ঢেউ উঠেছে, তা সারা বাংলায় ছড়িয়ে দিতে হবে। জামায়াতে ইসলামী গুম, খুন, লুটপাট ও দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়।
সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় সাতক্ষীরার তালায় ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “তালা-কলারোয়ার মানুষকে শান্ত থাকতে হবে। কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। একটি পক্ষ গণজোয়ার ঠেকাতে ষড়যন্ত্র করছে।”
তিনি আরও বলেন, “জামায়াত ঘের দখল করে না, বালু উত্তোলন করে না। জামায়াত ক্ষমতায় এলে দেশে বেকারত্ব, দুর্নীতি ও লুটপাট থাকবে না। তাই সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাই।”
স্বাধীনতার ৫৪ বছরে কোনো সরকার দুর্নীতি থেকে মুক্ত ছিল না দাবি করে তিনি বলেন, “আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি— সবাই শাসন করেছে, কিন্তু কেউই কলঙ্কমুক্ত নয়। শুধু জামায়াতে ইসলামীই এখনো কলঙ্কমুক্ত।”
তিনি আরও জানান, ১৯৭৯ সালের পর দেশে যতগুলো গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, জামায়াত তাতে অংশ নিয়েছে। “সৃষ্টিকর্তার বিধানে দেশ চললে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে,” যোগ করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, “এখন গ্রামের পর গ্রামে দাঁড়িপাল্লার ঢল নেমেছে। রিকশাচালক থেকে টেম্পুচালক— সবাই বলছে, এবার দাঁড়িপাল্লায় ভোট দেবে। আল্লাহ যদি আমাদের রাষ্ট্রক্ষমতা দেন, আমরা শাসক হব না, সেবক হব।”
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি আব্দুল খালেকসহ স্থানীয় নেতারা। সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা আমির মাওলানা মো. মফিদুল্লাহ।