জাতীয় ঐকমত্যের নামে কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ইস্কাটনে এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, “আজ কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে। তারা কেবল একটি কাগজে সই করে সেটিকেই ঐক্য বলে দাবি করছে। কিন্তু প্রকৃত ঐক্য তখনই হয়,
যখন ছাত্র, শ্রমিক ও পেশাজীবীরা দেশপ্রেমের ভিত্তিতে একত্রিত হয়।” তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের সময় আমরা সেই সত্যিকারের ঐক্য দেখেছি—যেখানে কোনো রাজনৈতিক দলের ব্যানার ছিল না, ছিল কেবল মানুষের ঐক্য।”
তিনি আরও বলেন, গত ১৬ বছরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে শ্রমিক শ্রেণি। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে তারা। “গার্মেন্টসে আগুন লাগে, বস্তিতে আগুন লাগে, শ্রমিক মারা যায়—তাদের জীবনের মূল্য দুই-তিন লাখ টাকায় নির্ধারণ করা হয়,” বলেন নাহিদ।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, “যেসব মাফিয়া ও রাঘববোয়াল শ্রমিকদের শোষণ করেছে, তাদের এখনো বিচারের আওতায় আনা হয়নি; বরং বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি পক্ষ তাদের রক্ষা করছে।” তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন মানবিক মর্যাদার ওপর প্রতিষ্ঠিত হতে হবে, যেখানে শ্রমিকের ন্যায্য অংশীদারিত্ব নিশ্চিত থাকবে।
অনুষ্ঠানে তিনি জাতীয় শ্রমিক শক্তির নতুন নেতৃত্ব ঘোষণা করেন—আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির, সদস্যসচিব রিয়াজ মোর্শেদ ও মুখ্য সংগঠক আরমান হোসেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, “রাজপথের শক্তিই শেষ পর্যন্ত জয়ী হবে, ইনশাআল্লাহ।”