বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে-বিদেশে নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, ফলে বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন। তিনি মনে করেন, বর্তমান বাংলাদেশ দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণের জন্য প্রস্তুত।
বুধবার (১৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড আয়োজিত ‘বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এর প্যানেল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। সম্মেলনে দেশি-বিদেশি বিনিয়োগকারী, নীতি-নির্ধারক ও বাজার বিশেষজ্ঞরা বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
আমীর খসরু বলেন, দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্র তৈরি করতে হলে পুঁজিবাজারের উন্নয়ন অপরিহার্য। টাকা ছাপানোর প্রবণতা এবং ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে এসে বিনিয়োগমুখী অর্থনীতি গড়তে হবে। শেয়ারবাজারের উন্নয়ন ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজার বিনিয়োগকারীদের জন্য এক উদীয়মান ক্ষেত্র, যেখানে টেকসই প্রবৃদ্ধির অসীম সুযোগ রয়েছে।
স্বাগত বক্তব্যে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বেসরকারি খাত ও সরকারি সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী, ব্র্যাক ব্যাংক পিএলসি’র চেয়ারপার্সন মেহেরিয়ার এম হাসান, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র চেয়ারম্যান মোমিনুল ইসলাম এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি’র চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান।