জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি উপলক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বুধবার (৯ জুলাই) দুপুরে কেন্দ্রীয় নেতাকর্মীরা পথযাত্রা কর্মসূচি শুরু করেন। আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে গাড়িতে বসেই মতবিনিময়ের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ, ডা. তাসনিম জারা এবং জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
হাটবোয়ালিয়ায় পদযাত্রা চলাকালে একটি ব্যতিক্রম দৃশ্য চোখে পড়ে। বিদ্যালয়ের ইউনিফর্ম পরিহিত বহু শিক্ষার্থী সড়কের দুই পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে আসে। এনসিপি কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে করমর্দন করার জন্য শিক্ষার্থীরা এগিয়ে আসলে তিনি স্পষ্ট ক্ষোভ প্রকাশ করেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের এখন স্কুলে থাকার কথা। ক্লাস ফেলে এখানে আসা একদম ঠিক হয়নি। পড়াশোনা বাদ দিয়ে আমাদের দেখতে আসা তোমাদের কাজ না।” তার এই বক্তব্যে উপস্থিত অনেকেই মুগ্ধ হন এবং এ নিয়ে আলোচনাও হয়।
পরে সারজিস আলম আরও বলেন, “তোমাদের এই ভালোবাসা দেখে আমার হৃদয় কেঁপে উঠেছে। আমরা যেন এই ভালোবাসার প্রতিদান দিতে পারি। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ভালো মানুষ হও, দেশ গড়ো।”
পথযাত্রা কর্মসূচি হাটবোয়ালিয়া থেকে আলমডাঙ্গা শহরের আলতাইবা মোড় হয়ে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর, দর্শনা ও জীবননগরে পথসভা আকারে সম্পন্ন হবে।
এনসিপির নেতারা বলেন, জুলাই পদযাত্রা কর্মসূচির লক্ষ্য হচ্ছে জনগণের সঙ্গে সরাসরি সংলাপ, এলাকার সমস্যা শোনা ও ভবিষ্যৎ রূপরেখা তৈরি করা। পথসভাগুলোতে বক্তারা চাঁদাবাজি, দখলদারিত্ব, বৈষম্য ও শিক্ষা-স্বাস্থ্য খাতে সমান উন্নয়নের আহ্বান জানান।
এই কর্মসূচি ঘিরে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়। নেতারা বলেন, দেশের সব প্রান্তে গিয়ে জনগণের সমস্যার কথা শোনা ও সেগুলোর সমাধানের জন্য পরিকল্পনা করাই তাদের উদ্দেশ্য।