জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ১৯৭১ সালে হিন্দুস্তান পাকিস্তানকে দুর্বল করতে ও বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করতে মিথ্যা বন্ধুত্ব দেখিয়েছিল।
শুক্রবার (১৬ মে) রাজধানীর পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে ‘মরণবাঁধ ফারাক্কা ভেঙে দাও। ভারত হটাও, কৃষক বাঁচাও-দেশ বাঁচাও’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ প্রধান বলেন, “মুক্তিযুদ্ধের পর ভারত আমাদের জয়ের কৃতিত্ব নিয়েছে, সম্পদ লুটেছে, ফারাক্কা বাঁধ দিয়ে পানিস্বল্পতা তৈরি করে কৃষি ধ্বংস করেছে। এমনকি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সরাসরি হস্তক্ষেপ করে ভোটের অধিকার হরণ করেছে।” তিনি আরও বলেন, “পানি দিয়ে শুরু করে ভারত আমাদের ভাতে, ভোটে এবং গুলিতে মারছে।”
তিনি অভিযোগ করেন, ১৯৭৫ সালে শেখ মুজিব ভারতকে মাত্র ১০ দিনের জন্য পানি প্রত্যাহারের অনুমতি দিলেও তা এখনো চলমান। ভাসানীর নেতৃত্বে ১৯৭৬ সালের ফারাক্কা লংমার্চ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল উল্লেখ করে তিনি বলেন, “৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশ এখনো পায়নি।”
সভায় সভাপতিত্ব করেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন। আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, প্রকাশনা সম্পাদক জিয়াউল আনোয়ার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, ছাত্রলীগ সভাপতি আবদুর রহমান ফারুকীসহ নেতৃবৃন্দ।
জাগপা নেতারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানান।