দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে কেউ বাধা সৃষ্টি করলে রাজপথে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। তিনি বলেন, গত ১৭ বছরে সংঘটিত নির্যাতন ও হত্যাকাণ্ডের হিসাব একে একে নেওয়া হবে। শহীদ নেতাকর্মীসহ নির্যাতনের শিকার ভাই-বোনদের হত্যার বিচার ও প্রতিশোধ নেওয়ার কথাও বলেন তিনি।
বুধবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে ও চলাকালে এসব কথা বলেন তিনি।
শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কাজী জিয়া উদ্দিন বাসিতের নেতৃত্বে এতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কয়েক শ নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘ফ্যাসিবাদের ঠিকানা বাংলাদেশে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বাসিত বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চাইলে কেউ বাধা সৃষ্টি করলে তাদের রাজপথ থেকে প্রতিহত করা হবে। গত ১৭ বছরের প্রতিটি ঘটনার হিসাব নেওয়া হবে এবং নির্যাতন ও হত্যার শিকার শহীদদের হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানানো হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, সাম্য, মানবিকতা ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা মানবিকতার পরিচয় দিয়েছেন। তবে কেউ নৃশংসতার পথ বেছে নিলে তার পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন এই ছাত্রদল নেতা।