কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার করেছে নগর পুলিশ (সিএমপি)। এরই অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রয়াত সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে পুলিশি অভিযানের ঘটনা ঘটেছে।
বাড়িটি তার ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের। এ অভিযানের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের দুই নম্বর গেটের চশমা হিল এলাকায় অবস্থিত বাড়িটিতে এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে নগরজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। এর ধারাবাহিকতায় চশমা হিল এলাকায় নওফেলের বাড়িতে অভিযান চালানো হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাড়িটির সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন পুলিশ সদস্য ও সাদা পোশাকের ব্যক্তি বাড়িতে প্রবেশ করছেন। এ সময় তাদের বাড়ির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতেও দেখা যায়।
অভিযানের বিষয়ে জানতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে প্রশ্ন করার পর ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযান সম্পর্কে অবগত নন বলে জানান।
অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া গেছে কি না, কিংবা সেখান থেকে কোনো সরঞ্জাম বা নথিপত্র উদ্ধার করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সিএমপির একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ মন্তব্য করতে রাজি হননি।