নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক জীবনের নানা সংকট ও প্রতিকূল সময়ে স্ত্রীর সাহস, ত্যাগ ও সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন তিনি।
সম্প্রতি এক অনলাইন সংবাদমাধ্যমকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে পারিবারিক জীবন ও রাজনীতিতে স্ত্রীর ভূমিকা নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, রাহাত আরা বেগম তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বিয়ের পর চাকরি ও রাজনৈতিক জীবনের কারণে তার জীবন যখন অনিশ্চয়তায় ভরা হয়ে ওঠে, তখন স্ত্রী সবসময় তার পাশে থেকেছেন।
মির্জা ফখরুল জানান, তার স্ত্রী দীর্ঘদিন একটি বীমা প্রতিষ্ঠানে চাকরি করেছেন। চাকরির পাশাপাশি সন্তানদের পড়াশোনা ও পরিবারের দায়িত্বও সামলেছেন। মেয়েদের হলিক্রস স্কুলে পড়ানোর সময় নানা আর্থিক ও পারিবারিক সংকট মোকাবিলা করতে হয়েছে তাকে। এমনকি পরিবারের সদস্যদের গণপরিবহনে যাতায়াতের কষ্টও তিনি সহ্য করেছেন।
রাজনৈতিক জীবনের কঠিন সময়গুলোর কথাও স্মরণ করেন মির্জা ফখরুল। তিনি জানান, পুলিশ তাকে গ্রেপ্তার করতে এলে তার স্ত্রী সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন। একবার রাতে পুলিশ বাসায় অভিযান চালালেও ভোর হওয়ার আগে দরজা খুলতে রাজি হননি তিনি।
স্ত্রীর এই সাহস ও ত্যাগের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, রাজনীতির কারণে স্ত্রী কখনো তার ওপর বিরক্ত হননি। বরং দীর্ঘ রাজনৈতিক পথচলায় প্রতিকূল পরিস্থিতিতেও তিনি পাশে থেকেছেন। তাঁর ভাষায়, স্ত্রীর এই সহযোগিতা ও ত্যাগ তার জীবনের গুরুত্বপূর্ণ শক্তি হয়ে আছে।