কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা যদি সংসদ বয়কট করে রাজপথে নামেন, তাহলে বর্তমান সরকার দুই দিনও টিকতে পারবে না।
বুধবার (৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সরকারের উদ্দেশে মুফতি আমির হামজা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘জুলাই সনদ মেনে নিতে আমাদের আপত্তি না থাকলে আপনাদের আপত্তি কোথায়?’
সরকারপ্রধানকে উদ্দেশ করে তিনি আরও বলেন, জনগণের ক্ষোভকে গুরুত্ব দেওয়া উচিত। অন্যথায় পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে এবং এর দায় সরকারকেই বহন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনার নিন্দা জানিয়ে আমির হামজা বলেন, এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। তার দাবি, এ ঘটনার সঙ্গে প্রকৃত রাজনৈতিক কর্মীরা জড়িত নন; পরিকল্পিতভাবে অন্য কেউ এতে সম্পৃক্ত থাকতে পারে।
জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের বিভিন্ন দাবি বাস্তবায়নের প্রসঙ্গে তিনি বলেন, সংসদ সদস্যরা মন্ত্রণালয় পর্যায়ে বিষয়গুলো নিয়ে উদ্যোগ নিয়েছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জুলাই সনদ বাস্তবায়নে আন্তরিক নয় বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগও তোলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ। এতে বক্তব্য দেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনামুল হক, এনসিপির কুষ্টিয়া জেলার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি এবং ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতারা।