ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘মব’ সংস্কৃতি, দেশীয় অস্ত্র প্রদর্শন ও সন্ত্রাসী কায়দায় রাজনীতি করার অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, জামায়াত-শিবিরের রাজনীতি মোকাবিলায় ছাত্রদল একাই যথেষ্ট।
বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে সেখানে অস্ত্র প্রদর্শন করা হয়েছে এবং রাতভর ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, হামলার পর ছাত্রশিবিরের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাকে সমর্থন করেছেন এবং ছাত্রদলকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। একই সঙ্গে জামায়াতের নেতারাও এ ঘটনার পক্ষে অবস্থান নিয়েছেন বলে দাবি করেন তিনি।
ছাত্রদল সভাপতি বলেন, অস্ত্র নিয়ে হামলাকে বীরত্ব হিসেবে প্রচার করা হচ্ছে, যা দেশের রাজনীতিতে গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, এর ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ‘মব’ তৈরির চেষ্টা করা হয়েছে।
রাকিব বলেন, ছাত্রদল দীর্ঘদিন ধরে রাজপথে থেকে রাজনীতি করেছে এবং কোনো পরিস্থিতিতেই পিছিয়ে যায়নি। ছাত্রদলের ওপর আঘাত এলে তার জবাব দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশে সন্ত্রাস, দখলদারিত্ব ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতির কোনো স্থান নেই। একই ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি।