জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সাম্প্রতিক সময়ে বিরোধী মতের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা ও হামলার ঘটনায় দেশে আবারও ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে বলে তাঁর দলের আশঙ্কা।
শনিবার (১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত ‘সম্প্রীতির জুলাই গণ-অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে এনসিপি ও বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন-পীড়ন করার পুরোনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি।”
দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদের বাস্তবায়ন, অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং দেশে সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।
তিনি বলেন, সরকার এসব বিষয়ে আন্তরিক থাকলে এনসিপি প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত। একই সঙ্গে দেশের বর্তমান সংকট মোকাবিলা এবং জুলাই গণ-অভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, আন্দোলনটি শুরু থেকেই অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে গড়ে উঠেছিল এবং সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও আত্মত্যাগের মধ্য দিয়ে সফল হয়েছে। তাই দল-মত-ধর্ম নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও সহিংসতার অভিযোগের প্রসঙ্গ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা উচিত।