বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৯ জুলাই) বিকেলে বাগেরহাটের চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মামুনুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি দাবি করেন, সরকার যদি জনগণের প্রত্যাশার বিপরীতে যায়, তবে জনগণই তার পরিণতি নির্ধারণ করবে।
তিনি গণভোটের রায় বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, তেল-গ্যাস-বিদ্যুতের দাম কমানো এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানান।
চিতলমারী উপজেলা শাখার সভাপতি মুফতি জিহাদ বিন সিরাজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা শরীফ সাইদুর রহমান, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান, প্রধান উপদেষ্টা মাওলানা আ. রহমান, কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাফেজ শহিদুল ইসলাম এবং বাগেরহাট জেলা শাখার সভাপতি মুফতি রুহুল আমিন।