নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী পুলিশের ওপর হামলার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে তিনি নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে উপস্থিত হন।
শুনানি শেষে আদালত তার পূর্বের জামিন বহাল রাখেন। একই সঙ্গে পরবর্তী শুনানিতে ব্যক্তিগতভাবে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার অনুমতিও দেন।
আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে আইভী বলেন, “নির্দোষ হয়েও আমি আজ অপরাধী। সারাজীবন অন্যায়, হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। অথচ আজ আমাকেই অপরাধীর আসনে দাঁড়াতে হচ্ছে।”
এরপর তিনি নিজ বাসভবন দেওভোগের উদ্দেশে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। তার আগমনকে কেন্দ্র করে আদালত এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, তাকে গ্রেপ্তারের দিন আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র গ্রহণের তারিখ ছিল মঙ্গলবার। ওই মামলায় জামিনে থাকায় তিনি আদালতের নির্দেশনা অনুযায়ী হাজিরা দিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ৯ মে হত্যা মামলায় নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে গ্রেপ্তার হন ডা. সেলিনা হায়াৎ আইভী। পরে একে একে ১২টি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। প্রায় ৩৯১ দিন কারাবন্দি থাকার পর গত ৪ জুন তিনি সব মামলায় জামিনে মুক্তি পান।