জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি জুলাই বিপ্লবের সংস্কার পরিকল্পনা ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, তাহলে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না। তিনি দাবি করেন, জনগণের রায়কে উপেক্ষা করলে সরকার রাজনৈতিক সংকটে পড়বে।
শনিবার (২৫ জুলাই) সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, জনগণ গণভোটে সংস্কার ও জুলাই সনদের পক্ষে মত দিয়েছে। কিন্তু সরকার এবং বিএনপি সেই জনরায়কে যথাযথ গুরুত্ব দিচ্ছে না। তিনি সতর্ক করে বলেন, জুলাই বিপ্লব, ছাত্র-তরুণদের আন্দোলন এবং শহীদদের আত্মত্যাগ ভুলে গেলে তার রাজনৈতিক পরিণতি সরকারকে ভোগ করতে হবে।
সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, কেবল সংশোধনের মাধ্যমে মৌলিক পরিবর্তন সম্ভব নয়। এজন্য প্রয়োজন সংস্কার পরিষদ বা গণপরিষদ। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে এবং নির্বাচন কমিশনেরও সংস্কার প্রয়োজন।
অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, গ্যাস সংকট এবং অতিরিক্ত করের চাপে সাধারণ মানুষ কষ্টে রয়েছে। তিনি বলেন, প্রকৃত সংস্কার বাস্তবায়ন না হলে সরকারের প্রতি জনগণের আস্থা ধরে রাখা সম্ভব হবে না।