ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু) এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের নির্দেশের পর বিষয়টি তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শনিবার (২৫ জুলাই) হাইকোর্ট-সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, বিচারপতি মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) দাখিল করা একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে আদালত অভিযোগগুলোর অনুসন্ধান ও তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দুদককে নির্দেশ দেন।
বিএফআইইউর প্রতিবেদনে অভিযোগ করা হয়, জেএমসি বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার কেনায় অনিয়ম সংঘটিত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ওই প্রতিষ্ঠানের অন্যতম মালিক ও প্রতিনিধি হিসেবে মো. সাহাবুদ্দিন শেয়ার ক্রয়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি, শেয়ার কেনার অর্থ এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে সরানো হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়, জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে মো. সাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের পরিচালক এবং পরে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ওই সময় ব্যাংক থেকে বিপুল অর্থ আত্মসাতের ঘটনাও তদন্তে উঠে এসেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।
হাইকোর্ট বিএফআইইউর প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে দুদককে নির্দেশ দিয়েছেন।
এর আগে, ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির অভিযোগে ২০২৫ সালে দায়ের করা একটি মামলার তদন্তের দায়িত্বও দুদককে দেওয়ার নির্দেশ দিয়েছিল ঢাকার একটি আদালত।