বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিভিন্ন সময় তাদের নানা ধরনের প্রস্তাব বা ‘লোভ’ দেওয়া হলেও সেগুলো দল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, জনগণের সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করবে না জামায়াত।
রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো উচিত। তার মতে, শুধু আর্থিক সহায়তা নয়, তাদের আত্মত্যাগের স্মৃতিও জাতীয়ভাবে সংরক্ষণ ও তুলে ধরা প্রয়োজন।
তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, নির্বাচনের পর সরকার তা থেকে সরে এসেছে। পাশাপাশি স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করার প্রতিশ্রুতিও বাস্তবায়িত হচ্ছে না বলে দাবি করেন তিনি।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, অতীতের গণরুম ও গেস্টরুম সংস্কৃতি আর ফিরতে দেওয়া হবে না। এ ধরনের পরিবেশ পুনরায় চালুর কোনো চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলেও তিনি মন্তব্য করেন।