জনগণের রায়ের সঙ্গে কোনো আপস করা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দেওয়া রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না। তিনি বলেন, সংসদের ভেতরে দাবি আদায়ের চেষ্টা করা হবে। তবে সেখানে সফল না হলে রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকারকে জনগণের দাবি বাস্তবায়নে বাধ্য করা হবে।
তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন এবং নির্বাচন কমিশন গঠনের যে দাবি উঠেছিল, বর্তমান সরকার তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়নি। তার দাবি, গণভোটের রায়ও যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে না।
জামায়াত আমির আরও বলেন, দেশের অর্থ বিদেশে পাচারের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে অতীতের রাজনৈতিক অপসংস্কৃতি ফিরিয়ে না আনার আহ্বান জানান। তার ভাষায়, গণরুম ও গেস্টরুম সংস্কৃতির অবসান হয়েছে এবং তা পুনরায় চালুর কোনো সুযোগ নেই।
অনুষ্ঠানে যুবসমাজকে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। এ সময় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।