জাতীয় সংসদে জুলাই গণঅভ্যুত্থান ও তৎকালীন গণহত্যা নিয়ে বিশেষ সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, জুলাইয়ের গণআন্দোলন কোনো আকস্মিক ঘটনা নয়; বরং দীর্ঘ সাড়ে ১৭ বছরের স্বৈরাচারবিরোধী সংগ্রামের চূড়ান্ত পরিণতি।
আন্দোলনে নিহত, গুম, আহত ও পঙ্গু ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসনে সরকারের উদাসীনতা তিনি তুলে ধরেন। আহত যোদ্ধাদের চিকিৎসার সম্পূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়ে প্রয়োজনে সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা কমানোরও প্রস্তাব দেন।
ড. শফিকুর রহমান জুলাই জাদুঘর দ্রুত জনগণের জন্য উন্মুক্ত করা, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল করা এবং দীর্ঘদিন ধরে বেতন না পাওয়া কর্মীদের সমস্যার সমাধানের দাবি জানান। একই সঙ্গে তিনি জুলাই গণহত্যার বিচার দ্রুত ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের গড়িমসি না করার আহ্বান জানান।
তিনি সীমান্ত পরিস্থিতি, সরকারের নীরবতা এবং ফ্যাসিবাদকে সহায়তাকারী গণমাধ্যমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও উত্থাপন করেন। বক্তব্যের শেষাংশে তিনি দায়িত্বশীল রাজনৈতিক আচরণ, জনগণের ভোটের প্রতি সম্মান এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।