গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদ থেকে ওয়াকআউটের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সংসদের সদস্যদের অধিকাংশই গণভোটে অংশ নিয়েছেন এবং সরকারে থাকা সদস্যরাও ক্ষমতায় এলে গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, “আমরা জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি থেকে সরে আসব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত সংসদের ভেতরে এবং বাইরে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা চাই সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন করুক।”
এর আগে সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটিতে সদস্যের নাম না দেওয়ার ঘোষণা দিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেন।