নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর না করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১ জুলাই) রাজধানীর শেওরাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নাগরিক সমস্যা সমাধান বিষয়ক এক কর্মসূচি শেষে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, পানি, গ্যাস ও জলাবদ্ধতার মতো সমস্যার পেছনে নাগরিক অসচেতনতাও একটি বড় কারণ। তিনি বলেন, “আমরা নিজেরাই আমাদের বর্জ্য ড্রেনে ফেলে দিই। সরকার তো প্রতিদিন ড্রেন পরিষ্কার করতে পারে না। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা নাগরিকদেরও দায়িত্ব।”
তিনি আরও বলেন, এসব সমস্যা সমাধানে সরকার, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিদ্যুৎ সংকট নিরসনে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দ্রুত সমাধান সম্ভব।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের পাশাপাশি নাগরিকদেরও সহযোগিতা করা উচিত। একই সঙ্গে অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের চলাফেরা ও সঙ্গী সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন।
এদিকে অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, ডা. শফিকুর রহমানের মতো দূরদর্শী নেতা আগে সংসদে ছিলেন কি না তা তার জানা নেই। তিনি আরও বলেন, তিনি নিজ এলাকার দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন।