বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হান্নান মাসউদের সংসদ সদস্য পদও আইনি প্রক্রিয়ায় বাতিল হতে পারে। তিনি বলেন, কোনো সংক্ষুব্ধ প্রার্থী বা ভোটার আদালতের শরণাপন্ন হলে বিষয়টি বিচারিক পর্যালোচনার আওতায় আসতে পারে।
মঙ্গলবার (৩০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান এ মন্তব্য করেন।
চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে তিনি এ প্রতিক্রিয়া জানান। রাশেদ খানের ভাষ্য, শেখ হাসিনা সরকারের সময় দীর্ঘদিন কারাবন্দি থাকার কারণে আসলাম চৌধুরীর ব্যবসায়িক ক্ষতি হয়েছে এবং সে কারণেই তিনি ঋণখেলাপির পরিস্থিতিতে পড়েন। তাই তাকে নিয়ে কটাক্ষ না করার আহ্বান জানান তিনি।
একই পোস্টে রাশেদ খান বলেন, নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী হলফনামায় ভুল বা মিথ্যা তথ্য দেওয়া হলে সংসদ সদস্য পদ বাতিলের সুযোগ রয়েছে।
তার দাবি, হান্নান মাসউদ নিজেই তার হলফনামায় ভুল তথ্য থাকার বিষয়টি স্বীকার করেছেন। সে কারণে হাতিয়া আসনের কোনো সংক্ষুব্ধ প্রার্থী বা ভোটার হাইকোর্টে রিট করলে তার সংসদ সদস্য পদও ঝুঁকির মুখে পড়তে পারে।
তবে এ বিষয়ে হান্নান মাসউদ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।