নিজ নির্বাচনী এলাকা মাদারীপুর-১ (শিবচর) আসনে তীব্র বিদ্যুৎ সংকট নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালা। তিনি বলেছেন, লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে জনপ্রতিনিধিদের। দ্রুত সংকট সমাধান না হলে এলাকায় মান-সম্মান নিয়ে থাকা কঠিন হয়ে পড়বে।
সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। হানজালা জানান, এলাকায় বিদ্যুৎ না থাকলে গভীর রাতেও মানুষ তাকে ফোন করে অভিযোগ জানায়। সাধারণ মানুষ মনে করে বিদ্যুৎ সমস্যার জন্য স্থানীয় জনপ্রতিনিধিরাই দায়ী। তিনি বলেন, বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে মাঠপর্যায়ের মানুষের ক্ষোভ ও দুর্ভোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা জরুরি।
বাজেট আলোচনায় তিনি পাঠ্যপুস্তক নিয়েও সমালোচনা করেন। তার অভিযোগ, দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখা হাজি শরীয়তউল্লাহ, শাহজালাল, শাহ পরান ও তিতুমীরের মতো ব্যক্তিত্বদের ইতিহাস পাঠ্যবই থেকে গুরুত্বহীন করা হয়েছে। তিনি নতুন প্রজন্মের কাছে এসব বীরের অবদান তুলে ধরার আহ্বান জানান।
এছাড়া প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি, পাসপোর্ট জটিলতা ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সমস্যার কথাও সংসদে তুলে ধরেন তিনি। একইসঙ্গে দুর্নীতিমুক্ত ও টেকসই বাজেট বাস্তবায়নে সরকারের প্রতি কঠোর নজরদারির আহ্বান জানান।