বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন। রোববার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও সুইডেনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়। উভয়পক্ষ বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, আলোচিত বিভিন্ন অধ্যাদেশ, প্রস্তাবিত বাজেট, কর কাঠামো সংস্কার এবং রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান নিয়েও আলোচনা হয়। সুইডেনের অর্থায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কেও মতবিনিময় করা হয়।
বৈঠকে সুইডেন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।