কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতের বিচারক তাইয়োব উদ্দিন শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর কঠোর নিরাপত্তার মধ্যে জিসানকে আদালতে হাজির করা হয়। বিচারক তার উপস্থিতি পর্যবেক্ষণ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মো. মামুনুর রশীদ।
এর আগে জিসানের শারীরিক ও মানসিক অবস্থা মূল্যায়নের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে। বোর্ডের প্রতিবেদনে তাকে সুস্থ উল্লেখ করা হলে মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, এক নারী জিসান মিয়া প্রধানের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ এনে মামলা দায়ের করেন। এ মামলায় আরও তিনজন আসামি রয়েছেন, যারা ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
উল্লেখ্য, গত ১১ জুন নিখোঁজ হওয়ার পর ১৩ জুন রাতে জিসানকে উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশি প্রহরায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল।