দেশের রাজনৈতিক অঙ্গনে অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ক্ষেত্রে জামায়াত-শিবির শীর্ষে রয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
শনিবার (১৩ জুন) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। স্ট্যাটাসের সঙ্গে কয়েকটি ছবিও সংযুক্ত করেন তিনি।
নাছির উদ্দীন বলেন, জুলাই-আগস্ট পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পরিসরে সবচেয়ে বেশি অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে জামায়াতের আমির, ছাত্রশিবিরের নেতাকর্মী এবং তাদের নিয়ন্ত্রিত অনলাইন প্ল্যাটফর্ম থেকে। তার দাবি, পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছে।
জিসান ইস্যুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, শুরু থেকেই ঘটনাটিকে ‘গুম’ হিসেবে উপস্থাপন করা হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পৃক্ততার ধারণা তৈরি করার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ছাত্রদল নেতা দাবি করেন, তদন্তের প্রাথমিক তথ্যে ঘটনাটি অপহরণ বা গুম নয় বলে উঠে এসেছে। তাই কোনো ঘটনা নিয়ে অভিযোগ তোলার আগে যথাযথ যাচাই-বাছাই প্রয়োজন।
তিনি আরও বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও জনআস্থার স্বার্থে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ করা জরুরি। তথ্য-প্রমাণের ভিত্তিতে বক্তব্য দেওয়া এবং গুজব এড়িয়ে চলাই সুস্থ রাজনৈতিক সংস্কৃতির জন্য প্রয়োজন বলে মন্তব্য করেন নাছির উদ্দীন।