ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, শিবিরের কর্মী, সাথী বা সদস্য হলেই জান্নাতের নিশ্চয়তা পাওয়া যায় না। বরং মানুষের কাজ ও আমলের মাধ্যমেই জান্নাতের পথ নিশ্চিত করতে হয়।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে যশোর পৌর কমিউনিটি সেন্টারে যশোর শহর শাখা ছাত্রশিবিরের কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, দীর্ঘ সময়ের অন্ধকার পেরিয়ে বাংলাদেশ পরিবর্তনের নতুন পর্যায়ে প্রবেশ করেছে। দেশের তরুণদের মেধা, চরিত্র ও নৈতিকতার সর্বোচ্চ বিকাশ ঘটিয়ে নতুন বাংলাদেশের জন্য ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, স্বনির্ভর, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সংগঠনের পরিচয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সততা, যোগ্যতা ও নৈতিকতার চর্চা জরুরি।
সমাবেশে বক্তারা ছাত্রদের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার পাশাপাশি সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
যশোর শহর সাংগঠনিক জেলার সভাপতি উবায়দুল্লাহ হুসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি খালিদ ইবনে খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।