ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের সাফল্য এসেছে সাধারণ শিক্ষার্থীদের ভালোবাসা ও আস্থার ভিত্তিতে। তিনি দাবি করেন, এই বিজয় কোনো পেশিশক্তি, অর্থের প্রভাব বা প্রশাসনিক সহায়তার মাধ্যমে অর্জিত হয়নি; বরং শিক্ষার্থীদের সরাসরি ভোটের মাধ্যমেই তা নিশ্চিত হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘদিন পর শিক্ষার্থীরা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। সেই সুযোগে তারা ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনাকারী সংগঠন হিসেবে ছাত্রশিবিরকে সমর্থন দিয়েছে।
তার মতে, শিক্ষার্থীদের সমস্যা সমাধান, কল্যাণমূলক উদ্যোগ এবং সুস্থ ধারার ছাত্ররাজনীতির কারণেই সংগঠনটি জনপ্রিয়তা অর্জন করেছে।
নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, কিছু ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। তবে এসব বাধা সত্ত্বেও শিক্ষার্থীরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের মতামত প্রকাশ করেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ছাত্রশিবিরকে নিয়ে দীর্ঘদিন ধরে নানা অপপ্রচার চালানো হলেও শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সেই প্রচারণা প্রত্যাখ্যান করেছে। শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও কার্যক্রমের কারণেই সংগঠনের প্রতি আস্থা বেড়েছে বলে তিনি মনে করেন।
তার ভাষায়, শিক্ষার্থীদের সমর্থনই ছাত্রশিবিরের সবচেয়ে বড় শক্তি এবং ভবিষ্যতেও সেই আস্থা ধরে রাখতে সংগঠনটি কাজ করে যাবে।